ফার্নেস নয়, গুণগত মানই রড উৎপাদনের আসল প্রযুক্তি

ইঞ্জি: মোহাম্মদ গোলাম হোসেন ফারহান
রড উৎপাদনের আসল প্রযুক্তি রড উৎপাদনের আসল প্রযুক্তিরড উৎপাদনের আসল প্রযুক্তিরড উৎপাদনের আসল প্রযুক্তিরড উৎপাদনের আসল প্রযুক্তিরড উৎপাদনের আসল প্রযুক্তিরড উৎপাদনের আসল প্রযুক্তি
রিইনফোর্সমেন্ট বার (রিবার)বা রড আধুনিক অবকাঠামোর মূল ভিত্তি। বাংলাদেশের মতো দ্রুত উন্নয়নশীল দেশে যেখানে মেগা প্রকল্প, বহুতল ভবন ও সেতু নির্মিত হচ্ছে, সেখানে উচ্চমানের রিবারের বা রডের চাহিদা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। এসব কাঠামোর শক্তি, নিরাপত্তা ও স্থায়িত্ব সরাসরি নির্ভর করে ব্যবহৃত রিবারের বা রডের মানের উপর। তাই বাংলাদেশের রিবার বা রডের উৎপাদকদের জন্য কাঁচামাল নির্বাচন থেকে শুরু করে কেমিক্যাল কম্পোজিশন, উৎপাদন প্রযুক্তি ও ফ্যাক্টরি অটোমেশন পর্যন্ত প্রতিটি ধাপে গুণগত মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কাঁচামালের গুরুত্ব
উচ্চমানের রিবার উৎপাদনের মূল শুরু হয় কাঁচামাল নির্বাচন থেকে। উত্তম কাঁচামালের উৎসগুলো হলো:
- হেবি মেল্টিং স্ক্র্যাপ / উচ্চ তাপমাত্রায় গলিত স্ক্র্যাপ
- প্লেট এন্ড স্ট্রাকচারাল স্ক্র্যাপ / প্লেট এবং কাঠামোগত স্ক্র্যাপ
- শ্রেডেড স্ক্র্যাপ / ছিন্নভিন্ন স্ক্র্যাপ বা কুচি কুচি স্ক্র্যাপ
- স্পঞ্জ আয়রন
- Ferro Alloys
- এছাড়াও আমাদের দেশের শিপিং ইয়ার্ড গুলো থেকে প্রাপ্ত জাহাজ ভাঙ্গা স্ক্র্যাপ এর গুনগত মানও অনেক ভালো।
স্ক্র্যাপে কপার, টিন বা অন্যান্য অপ্রয়োজনীয় উপাদান থাকলে তা রিবারের স্ট্রেন্থ বা শক্তি , নমনীয়তা ও ওয়েল্ডেবিলিটি নষ্ট করে। এজন্য স্ক্র্যাপ আলাদা করা ও পরিষ্কার করা অপরিহার্য। পাশাপাশি স্পঞ্জ আয়রন ও ফেরো অ্যালয়সের গুণমানও অত্যন্ত জরুরি কারণ এগুলো সরাসরি কেমিক্যাল কম্পোজিশন বজায় রাখতে সাহায্য করে। মানসম্মত সোর্স ছাড়া ISO 6935-2:2021, ASTM A615 বা ASTM A706 মান বজায় রাখা সম্ভব নয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে , প্রস্তুতকারকরা স্থানীয় মানহীন স্ক্র্যাপ যেমনঃ টিন ভাঙা , সিলিন্ডার , কৌটা এই ধরণের স্ক্র্যাপ ব্যবহার করে, যেটা আমাদের জন্য দুঃখজনক এবং নিম্নমানের রড উৎপাদনের কারণ।
কেমিক্যাল কম্পোজিশনের গুরুত্ব
রিবার উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো কেমিক্যাল কম্পোজিশন নিয়ন্ত্রণ। প্রতিটি উপাদান মেকানিক্যাল প্রোপার্টিজের উপর সরাসরি প্রভাব ফেলে,যেমনঃ
- কার্বন: শক্তি ও ওয়েল্ডেবিলিটি নিয়ন্ত্রণ করে। বেশি হলে ভঙ্গুর, কম হলে দুর্বল।
- ম্যাঙ্গানিজ: শক্তি ও দৃঢ়তা বাড়ায়, সালফারের ক্ষতিকর প্রভাব কমায়, তুলনামূলকভাবে ব্যয়বহুল।
- সিলিকন: ডিঅক্সিডাইজার হিসেবে কাজ করে ও সামান্য শক্তি বাড়ায়।
- ফসফরাস: সর্বনিম্ন রাখতে হবে, কারণ এটি নমনীয়তা কমিয়ে দেয়।
- সালফার: সর্বনিম্ন রাখতে হবে, না হলে ফাটল ও ভঙ্গুরতা দেখা দেয়।
- ক্রোমিয়াম ও নিকেল: মরিচা প্রতিরোধ ও দৃঢ়তা বাড়ায়, তবে এটিও তুলনামূলকভাবে ব্যয়বহুল।
সঠিক ভারসাম্য বজায় রাখা ব্যয়বহুল হলেও (বিশেষ করে ম্যাঙ্গানিজ, সালফার, ফসফরাস , ক্রোমিয়াম ও নিকেল এর ক্ষেত্রে) , এটি ছাড়া টেকসই ও মানসম্মত রিবার উৎপাদন সম্ভব নয়।কিন্তু খরচের কথা চিন্তা করে অনেক প্রস্তুতকারকই এই ব্যাপারে কৃপণ থাকে।
রিবার উৎপাদন প্রযুক্তি
বাংলাদেশে বর্তমানে তিন ধরণের ফার্নেস ব্যবহৃত হয়: ইন্ডাকশন ফার্নেস , ইলেকট্রিক আর্ক্ ফার্নেস এবং কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক্ ফার্নেস ।
তবে শুধুমাত্র ফার্নেস পরিবর্তন করলেই মান নিশ্চিত হয় না। এই প্রতিটি ফার্নেসের গুরুত্ব প্রস্তুতকারকদের জ্বালানি খরচের সাথে যতটা সরাসরি সম্পর্কযুক্ত , ততটা রডের গুনগত মান বজায় রাখার সাথে না। কিছুটা প্রভাব অবশ্যই থাকলেও , রডের গুনগত মান নির্ভর করে উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি ধাপ যেমনঃ উন্নত কাঁচামাল , স্ক্র্যাপ সেগ্রেগেশন , সঠিক রেসিপি , স্ল্যাগ বা ইমপিউরিটিস পৃথকীকরণ প্রক্রিয়া , ক্রমাগত কেমিক্যাল কম্পোজিশন পরীক্ষা করা , উন্নত মানের কাস্টিং মেশিন , সঠিকভাবে গুনগত মানের বিলেট , সঠিক সংখ্যক উন্নত মানের রাফিঙ মিল ও রোলিং মিল ব্যবহার , ডায়ামিটার ও রিব জিওমেট্রি সঠিক ভাবে বসানো , থার্মো মেকানিক্যাল ট্রিটমেন্ট সঠিক ভাবে করা , এবং পরিশেষে কুলিং বেডে ঠিকঠাক মতো ঠান্ডা হওয়া। আর এই সব কিছুর পরেও প্রতি ব্যাচের মেকানিক্যাল টেস্ট করে বাজারজাত করা। এই পুরো প্রক্রিয়ার মধ্যে ফ্যাক্টরি বা কারখানাগুলো যত বেশি আধুনিক ও স্বয়ংক্রিয় কিংবা অটোমেশন হবে ততই গুনগত মানের রড উৎপাদনের সম্ভবনা বাড়বে।
ফ্যাক্টরি অটোমেশনের গুরুত্ব
বাংলাদেশের রিবার শিল্পে এখনও অনেকের ধারণা, শুধু ফার্নেস আধুনিক করলেই মান উন্নত হয়। কিন্তু এটি একটি ভ্রান্ত ধারণা। ফার্নেস আসলে পুরো প্রক্রিয়ার মাত্র একটি অংশ। প্রকৃতপক্ষে রিবারের গুণগত মান নির্ভর করে সমগ্র উৎপাদন ব্যবস্থার অটোমেশনের উপর।
অটোমেশন মানে হলো প্রতিটি ধাপে নির্ভুলতা, ধারাবাহিকতা এবং নিয়ন্ত্রণ নিশ্চিত করা।
- ফার্নেসে অটোমেশন সঠিক চার্জিং, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও রিফাইনিং নিশ্চিত করে।
- স্বয়ংক্রিয় এয়ার পিউরিফাইং সিস্টেম পরিবেশকে ক্ষতির হাত থেকে বাঁচানোর পাশাপাশি মাইক্রো ফেরো আইটেম ফিল্টারের মাধ্যমে কালেক্ট করে উৎপাদন খরচ কমাতে অবদান রাখতে পারে।
- ইমপিউরিটিস সেপারেশন করার অটোমেশন নিশ্চিত করে প্রায় শতভাগ স্ল্যাগ ফ্রি লিকুইড আয়রন।
- কন্টিনিউয়াস কাস্টিং অটোমেশন ক্র্যাক ও সেগ্রিগেশনমুক্ত উচ্চমানের বিলেট উৎপাদন করে।
- রোলিং মিলে অটোমেশন গেজ ও স্বয়ংক্রিয় লুপারের মাধ্যমে ডায়ামিটার ও ওজন নির্ভুল রাখে।
- টিএমটি লাইনে পিএলসি-নিয়ন্ত্রিত কুইঞ্চিং প্রতিটি রিবারে সমান ইল্ড স্ট্রেন্থ , টেনসাইল স্ট্রেন্থ , ডাকটিলিটি প্রদান করে।
- টেস্টিং অটোমেশন স্পেকট্রোমিটার,ইউনিভার্সাল টেস্টিং মেশিন এবং বেন্ড – রিবেন্ড টেস্টের মাধ্যমে মান যাচাইকে নির্ভুল ও বিশ্বাসযোগ্য করে তোলে।
- আর সবশেষে, সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে পুরো উৎপাদন প্রক্রিয়া ডিজিটাল মনিটরিং ও রিয়েল-টাইম ডেটা বিশ্লেষণের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এতে যেকোনো ত্রুটি সাথে সাথে ধরা পড়ে এবং মানে কোনো আপস হয় না।
অতএব এটি স্পষ্ট:
“ফার্নেস হলো সিস্টেমের একটি ধাপ, কিন্তু অটোমেশন ও সেন্ট্রাল কন্ট্রোল রুম নিয়ন্ত্রণ করে পুরো সিস্টেমকে।”
সত্যিকার অর্থে যদি নির্মাতা সততা, প্রযুক্তি ও নিয়মানুবর্তিতার সাথে কাজ করেন, তবে ইন্ডাকশন ফার্নেস দিয়েও বিশ্বমানের রিবার উৎপাদন সম্পূর্ণ সম্ভব।
রিবারের যান্ত্রিক বৈশিষ্ট্য
মানসম্মত রিবার নির্ধারণে কিছু মৌলিক মেকানিক্যাল প্রপার্টিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মান (যেমন ISO, ASTM ) অনুযায়ী রিবারের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো—
- Yield Strength (প্রবাহ সীমা শক্তি) – রিবার যে লোড পর্যন্ত স্থায়ী বিকৃতি ছাড়াই সহ্য করতে পারে।
- Tensile Strength (প্রসারণ শক্তি) – ভাঙনের আগে রিবার সর্বোচ্চ কতটা টান সহ্য করতে পারে।
- Tensile/Yield (T/Y) Ratio – টান শক্তি ও প্রবাহ সীমার অনুপাত; যা রিবারের সামগ্রিক গুণমানের ইঙ্গিত দেয়।
- Percentage of Elongation (প্রসারণের শতকরা হার) – ভাঙনের আগে রিবার কতটা প্রসারিত হয়, যা এর নমনীয়তার পরিমাপ।
- Bend–Rebend Properties – ভাঙন ছাড়াই বারবার ভাঁজ ও সোজা করার ক্ষমতা।
- Nominal Diameter Accuracy & Standard Weight – প্রতিটি রিবারের ব্যাস ও ওজন আন্তর্জাতিক মান অনুযায়ী নির্ভুল থাকা।
এসব বৈশিষ্ট্য মূলত নির্ভর করে সঠিক কেমিক্যাল কম্পোজিশন , TMT প্রক্রিয়ার নিখুঁত নিয়ন্ত্রণ এবং ফ্যাক্টরির প্রত্যেকটা ধাপের অটোমেশন প্রক্রিয়ায় নির্ভুল মান নিয়ন্ত্রনের উপর। উদাহরণস্বরূপ—
- উন্নতমানের স্ক্র্যাপ ও ইমপিউরিটিজ বা স্ল্যাগ পৃথকীকরণ ছাড়া গলিত লোহার সঠিক ক্যামিকেল রেসিপি অর্জন করা সম্ভব না।
- অতিরিক্ত Sulphur (S) ও Phosphorus (P) রিবারকে নমনীয়তা কমিয়ে দেয় , ভঙ্গুর করে , ফাটল দেখা দেয় ,এবং Elongation কমিয়ে দেয়।
- সঠিক মাত্রায় Manganese (Mn) ব্যবহার রিবারের শক্তি বাড়ায়, আবার নমনীয়তাও বজায় রাখে।
- নিয়ন্ত্রিত Silicon (Si) এর মাত্রা রিবারকে আরও শক্তিশালী ও স্থায়ী করে তোলে।
- কাস্টিং প্রসেস উন্নত না হলে রিবার বা রডে ফাটল থাকার সম্ভবনা বেশি থাকে।
- রাফিঙ মিল – রোলিং মিল ঠিক না থাকলে ডায়ামিটার , ওজন , রিব জিওমেট্রি ঠিক থাকবেনা।
- টিএমটি ট্রিটমেন্ট সঠিক না হলে মার্টেনসাইট ও ফেরাইট পারলাইটের অনুপাত ঠিক থাকবেনা , ফলে রডের বেন্ডিং প্রপার্টিজ এমনকি স্ট্রেন্থ এর উপরেও খারাপ প্রভাব ফেলে।
রিব জিওমেট্রি ও ওজন নিয়ন্ত্রণের গুরুত্ব
কেমিক্যাল কম্পোজিশন ও মেকানিক্যাল প্রপার্টিজ এর পাশাপাশি রিব জিওমেট্রি অত্যন্ত জরুরি কারণ এটি কংক্রিটের সাথে রিবারের বন্ধন শক্তি বাড়ায়। একইভাবে ওজন স্ট্যান্ডার্ডের কাছাকাছি থাকা দরকার—কারণ কম ওজনের রিবারে কাঠামোর নিরাপত্তা কমে যায়।
চূড়ান্ত লক্ষ্য
বাংলাদেশের রিবার প্রস্তুতকারকদের মূল লক্ষ্য হওয়া উচিত সততার ভিত্তিতে একটি শক্তিশালী উৎপাদন সংস্কৃতি গড়ে তোলা। যেখানে কাঁচামালের মান, সঠিক কেমিক্যাল ভারসাম্য ও পূর্ণাঙ্গ অটোমেশনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এর ফলে—
- দেশের প্রতিটি অবকাঠামো হবে আরও নিরাপদ, টেকসই ও নির্ভরযোগ্য।
- বাংলাদেশ বিশ্ববাজারে রিবার রপ্তানিতে যোগ্য প্রতিযোগী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।
- প্রতিষ্ঠানগুলো স্বল্পমেয়াদী মুনাফার পরিবর্তে দীর্ঘমেয়াদী আস্থা, সুনাম ও মর্যাদা অর্জন করবে।
সর্বোপরি বলা যায়—রিবারের মান নির্ভর করে শুধু ফার্নেসের উপর নয়, বরং প্রস্তুতকারকের সততা, অটোমেশন এবং উৎপাদন প্রক্রিয়ার পূর্ণ নিয়ন্ত্রণের উপর।
This article was first published on September 21, 2025, in kaler kantho under the title “‘ফার্নেস নয়, গুণগত মানই রড উৎপাদনের আসল প্রযুক্তি’“.