আপনার কাঠামোর ভিত্তি হোক ভূমিকম্প-সহনীয়

ইঞ্জি: মোহাম্মদ গোলাম হোসেন ফারহান
ঢাকাকে আমি সবসময় এক অদ্ভুত শহর হিসেবে দেখি—একদিকে মানুষের ঢল, অন্যদিকে জমির অদ্ভুত সংকট; মাথার উপর আকাশ একই, কিন্তু মাটির নিচের গল্প প্রতিটি মোড়ে আলাদা। ঢাকা—দক্ষিণ এশিয়ার দ্রুততম বর্ধনশীল মেগাসিটি। মাত্র ৩০৬ বর্গকিলোমিটার শহরে প্রায় ৩ কোটি ৬৬ লক্ষ মানুষ ডেইলি স্টারের প্রতিবেদন অনুসারে। প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যা প্রায় ৫০,০০০-এর বেশি—বিশ্বের মধ্যে অন্যতম ঘনবসতিপূর্ণ নগরী।
ফলাফল: জমির পরিমাণ কমেছে, উচ্চ ভবন বেড়েছে, আর শহর বাড়ছে নদী–খাল–বিল ভরাট করে গড়ে ওঠা দুর্বল মাটির ওপর।
কিন্তু দুর্বল এই মাটির ওপর, অনিশ্চিত ভূমিকম্প প্রবণ বাংলাদেশে, কীভাবে টেকসই কাঠামো দাঁড় করাবো? এর সহজ উত্তর—মজবুত ভিত্তি।
ঢাকার কাঠামোর ভিত্তিতে বেশিরভাগ যেই ভুল হয়ে থাকে
১. ভুলে ভরা বা অসম্পূর্ণ সয়েল টেস্ট
অনেক ক্ষেত্রে সঠিক বোর লগ, এসপিটি এন ভ্যালু , গ্রাউন্ডওয়াটার লেভেল বা সয়েল ক্লাসিফিকেশন ঠিকমতো আসে না।অনেকেই পাশের জমিতে ৮-১০ তলা বিল্ডিং থাকলেই ধরে নেন “এখানেও হবে”—এটি ভয়ংকর ভুল।
বিখ্যাত ভূকম্পবিদ Charles Richter বলেছিলেন:
“Buildings don’t kill people, weak foundations do.”
২. শ্যালো ফাউন্ডেশনে এ কম্বাইনড ফুটিং–এ অনীহা
অনেক নির্মাতা শুধু খরচ বাঁচাতে কম্বাইনড ফুটিং করতে চায় না এবং যথাযথ সয়েল বেড প্রিপারেশন করেন না।
৩. ডিপ ফাউন্ডেশন এ ভুলে ভরা কাস্ট-ইন-সিটু পাইল
ব্যবহৃত কেসিন , বোরিং মেথড , কংক্রিটিং এ ফাঁকা —সব জায়গায় দেখা যায় অপারেটর-নির্ভর ভুল।উপরের তিনটি ভুলে যেমন কাঠামোর ভিত্তি রয়ে যাচ্ছে দূর্বল তেমনি ভূমিকম্পের জন্য হয়ে যাচ্ছে অসহনীয়। পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা অবহেলা করছি তা হলো সয়েলের লিকুয়েফেকশনকে অবহেলা করা।
ঢাকার আশেপাশের অধিকাংশ এলাকা নদী, খাল, বিল, নর্দমা, ময়লা আবর্জনা আর বালু দিয়ে ভরাট করে তৈরী করা।এই ভরাট মাটি স্টেবল সয়েল মনে হলেও বাস্তবে ভূমিকম্পে এটি লিকুইফাই হয়ে দানা আলাদা হয়ে যেয়ে এবং মাটির বিয়ারিং ক্যাপাসিটি প্রায় শূন্য হয়ে পড়তে পারে। এই সম্ভাব্য লিকুইফেকশনের ফলে অনেক কাঠামোর ভিত্তির মাটি ডেবে যেতে পারে এবং তার পাইল স্থায়িত্ব হারাতে পারে,যার ফলে কাঠামোর ধ্বস কিংবা একপাশ হেলে যাওয়ার সম্ভবনা নিয়ে অনেকেই শঙ্কিত।
পাইল বেস গ্রাউটিং — মাটিকে শক্তিশালী করার আধুনিক ও নির্ভরযোগ্য প্রযুক্তি
পাইল বেস গ্রাউটিং হলো এমন একটি বিশেষ প্রকৌশল পদ্ধতি, যেখানে পাইলের ঠিক নিচের অংশে উচ্চচাপ ও উচ্চ ভলিউমে সিমেন্টেশন ভিত্তিক গ্রাউট প্রবেশ করানো হয়। এই প্রক্রিয়াটি পাইলের নিচের মাটিকে পুনর্গঠিত করে আরও শক্ত, ঘন ও স্থিতিশীল করে তোলে।
পাইল বেস গ্রাউটিং কী করে?
১. পাইলের নিচের মাটির ঘনত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে
২. পাইলের ধারণক্ষমতা বহুগুণ বাড়িয়ে তোলে
৩. মাটির লিকুইফেকশনের সম্ভাবনা কমায় বা প্রতিরোধ করে
৪. সেটেলম্যান্ট কমিয়ে স্থায়িত্ব নিশ্চিত করে
৫. পাইলিং-এ সামান্য ত্রুটি থাকলেও এটি অতিরিক্ত নিরাপত্তা প্রদান করে
জাপান, সিঙ্গাপুর, দুবাই, কাতারসহ ইউরোপের বড় বড় উন্নত দেশে বহু বছর ধরে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশেও মেট্রোরেল, পদ্মা রেল–লিংক, বন্দর ও নৌপরিবহন উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো প্রকল্পে পাইল বেস গ্রাউটিং সফলভাবে প্রয়োগ করা হয়েছে।
কেন ঢাকার জন্য পাইল বেইজ গ্রাউটিং আরও জরুরি?
১. শহরের অর্ধেকই ভরাট মাটি
RAJUK-এর তথ্য অনুযায়ী, ১৯৮০ থেকে ২০২০ সালের মধ্যে ঢাকার আশপাশের শতাধিক খাল, নালা ও বিল ভরাট হয়েছে। এই ভরাট মাটিগুলো ভূমিকম্পে লিকুইফেকশনের-এর সবচেয়ে ঝুঁকিপূর্ণ শ্রেণির মধ্যে পড়ে। অর্থাৎ, মাটির স্বাভাবিক শক্তি কম, ভিত্তি যত শক্তই হোক, নিচের স্তর দুর্বল হলে ঝুঁকি থেকেই যায়।
২. সুউচ্চ্ কাঠামো দ্রুত বেড়ে যাচ্ছে
যে শহরে আগে ৬–৮ তলা ভবন ছিল মানদণ্ড, সেখানে এখন ১৮–২৫ তলা স্বাভাবিক, এবং বহু স্থানে ৩০+ তলা ভবন হচ্ছে। ভবনের উচ্চতা বাড়ার সাথে সাথে ভিত্তির উপর চাপ বহু গুণ বেড়ে গেছে। এই বাড়তি লোড নিরাপদে বহন করতে গেলে ভিত্তিকে আরও শক্ত ও স্থিতিশীল করতে হবে।
৩. পাইল ক্যাপাসিটি বাড়ানোর সবচেয়ে নির্ভরযোগ্য উপায় পাইল বেইজ গ্রাউটিং হল এমন একটি প্রযুক্তি, যা—
- পাইল-এর এন্ড বিয়ারিং ক্যাপাসিটি ৩০–৬০% পর্যন্ত বাড়াতে পারে
- মোট সেটেলম্যান্ট ৪০% পর্যন্ত কমাতে পারে
- দুর্বল বা ভরাট মাটিতেও নিরাপদ ও স্থিতিশীল ভিত্তি নিশ্চিত করে
এটি কোনো বিলাসী অতিরিক্ত কাজ নয়—বরং ঢাকার মাটি ও নির্মাণ প্রবণতার প্রেক্ষাপটে অপরিহার্য একটি সমাধান।
ফাউন্ডেশন শক্ত হলে কাঠামো বাঁচে
বিখ্যাত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার Ralph B. Peck একবার বলেছিলেন—
“An engineer is only as good as his foundation.” একজন প্রকৌশলী তার কাঠামোর ভিত্তির সমান ভালো । অর্থাৎ ভবন যতই আধুনিক উপকরণে নির্মিত হোক, ভিত্তি যদি দুর্বল হয়, পুরো কাঠামোই ঝুঁকির মুখে পড়ে।
শক্ত ভিত্তি মানে স্থায়িত্ব, নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী নিশ্চিন্ততা।
ভবিষ্যতের ঢাকার জন্য নিরাপদ ভিত্তি নিশ্চিত করুন
ঢাকা প্রতিদিনই উঁচুতে উঠছে—হাইরাইজ, আল্ট্রা হাইরাইজ, বিস্তৃত নতুন প্রকল্প।
কিন্তু এই শহরের বিশাল অংশই দাঁড়িয়ে আছে ভরাট মাটির উপর, যেখানে লিকুইফেকশনের-এর ঝুঁকি ভবিষ্যতের বড় বিপর্যয়ের ইঙ্গিত দেয়।
এই বাস্তবতায় ভিত্তিকে শক্ত করা কোনো বিকল্প নয়, বরং প্রয়োজনেরও বেশি প্রয়োজনীয়।তাই—
✔ সঠিক ও নির্ভুল সয়েল টেস্ট করুন
✔পাইল এক্জিকিউশনের–এর মান কঠোরভাবে নিশ্চিত করুন
✔ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—পাইল বেইজ গ্রাউটিং করুন
পাইল বেইজ গ্রাউটিং ভিত্তির শক্তি বহু গুণ বাড়ায়, সেটেলম্যান্ট কমায়, আর দুর্বল মাটিতেও নিশ্চিন্ত নিরাপত্তা এনে দেয়।
মনে রাখবেন—ভবনের ভিত্তি আজ শক্ত হলে, আগামী দিনের ভূমিকম্পেও আপনার কাঠামো অটল থাকবে।নিরাপদ ভিত্তি মানেই নিরাপদ ভবিষ্যৎ।